স্টাফ রিপোর্টার,শেরপুরের নালিতাবাড়ীতে ২০২৫-২৬ অর্থবছরে উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে এর সম্প্রসারণের লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৬ জুন) সকালে নালিতাবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষ ‘তেপান্তর’-এ অনুষ্ঠিত এ সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন। তিনি অনলাইনে যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক।
আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর সায়েন্টিফিক অফিসার মো. সম্রাট মোহাইমিনুল ইসলাম। তিনি স্থানীয়ভাবে উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তির ব্যবহার, কার্যকারিতা এবং কৃষি, শিক্ষা ও দৈনন্দিন জীবনে এসব প্রযুক্তির ইতিবাচক প্রভাব তুলে ধরেন। পাশাপাশি প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী উদ্যোগকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাশেদুজ্জামান ইমরান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ারুল কবীরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা ও সুধীজন।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের উদ্ভাবিত ও ব্যবহার উপযোগী প্রযুক্তি, সেবামূলক কার্যক্রম এবং নতুন উদ্ভাবনী ধারণা প্রদর্শন করে। প্রদর্শনী ঘুরে দেখে অতিথিরা বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা প্রদর্শনীতে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির ব্যবহার ও সম্প্রসারণে সংশ্লিষ্টদের আরও আন্তরিক ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।