স্টাফ রিপোর্টার: শেরপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, এমপি-এর উপস্থিতিতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল এবং সংরক্ষিত মহিলা আসন-১৫-এর সংসদ সদস্য মিজ সানসিলা জেবরিন।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদ শেরপুরের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপংকর রায়, শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার, স্থানীয় সরকারের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।
মতবিনিময় সভায় জেলার সাম্প্রতিক দুর্যোগ পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি, ত্রাণ বিতরণ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে সরকারি সেবাসমূহ আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন বলেন, জনগণের কল্যাণে সরকারের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সকল সরকারি কর্মকর্তাকে আন্তরিকতা, সততা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি, আন্তঃদপ্তর সমন্বয় এবং জনসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় অংশগ্রহণকারী দপ্তর প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম ও চলমান উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং সরকারের সেবাকে আরও জনমুখী ও কার্যকর করতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।