স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের নাকশী গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে তাদের বাড়িতে গিয়ে পাশে দাঁড়িয়েছেন শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।
সোমবার (২৪ আগস্ট) নিহত দুই শিশুর পরিবারের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি দুই পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
পাশাপাশি পরিবার দুটির জন্য খাদ্য সহায়তা প্রদান করেন এমপি ফাহিম চৌধুরী। এছাড়া দুই পরিবারকে মোট ৫০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা দেন তিনি।
এ সময় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুজ্জামানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কলসপাড় ইউনিয়নের নাকশী গ্রামের পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। তাদের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এমপি ফাহিম চৌধুরী এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন।