নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী স্মৃতি গ্রন্থাগারের সামাজিক ও মানবিক উদ্যোগের অংশ হিসেবে বিপুলসংখ্যক চারা গাছ এবং দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২৪ আগস্ট) পৌরসভার বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির ও শ্মশানসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে মোট ১,৫০০টি ফলজ, বনজ, ঔষধি ও ফুলের চারা বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এছাড়া একই অনুষ্ঠানে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নালিতাবাড়ী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ১৫ জন অসহায় ও দুস্থ মানুষের হাতে নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক এবং উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান।
কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা শ্রমিকদলের সভাপতি হুমায়ুন কবির, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী এমপি বলেন, “পরিবেশ সংরক্ষণ ও মানবিক কল্যাণে আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী স্মৃতি গ্রন্থাগারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বৃক্ষরোপণ আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করবে এবং দুস্থদের পাশে দাঁড়ানো সমাজের সবার নৈতিক দায়িত্ব।”
আয়োজকদের পক্ষে কৃষিবিদ সাজ্জাদ হোসেন তুলিপ জানান, আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী স্মৃতি গ্রন্থাগারের আয়োজনে আমরা সামাজিক ও মানবিক কর্মকাণ্ড করে যাচ্ছি। কিছুদিন আগেও ৬০ জন রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করা হয়েছে। এখন পরিবেশের ভারসাম্য রক্ষায় চারা বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।