আমানুল্লাহ আসিফ মীর, স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী এবার সম্পূর্ণভাবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে পারবেন। রবিবার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের আপিল বোর্ড তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে।
এর আগে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। তবে ফাহিম চৌধুরী সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে কমিশনের আপিল বোর্ড বিষয়টি পুনর্বিবেচনা করে। শুনানি শেষে বোর্ড তার পক্ষে রায় দেন।
এই রায়ের ফলে আসন্ন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতার সকল আইনগত বাধা শেষ হয়ে গেছে।
মনোনয়নপত্র বৈধ হওয়ার খবরে দলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও স্বস্তির আবহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই উচ্ছ্বাস স্পষ্টভাবেই ধরা পড়েছে।