জায়েদ মাহমুদ রিজন, স্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ীতে ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নন্নীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
নন্নী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আফসার উদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল মোমেন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আব্দুল করিম ও সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা শামসুল আলম সওদাগর, জাকসু নির্বাচিত নেতা মুস্তাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়াকে বিজয়ী করতে হবে। তারা নালিতাবাড়ীর সার্বিক উন্নয়নে সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ সমর্থন কামনা করেন।
নির্বাচনী সভায় জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।