নালিতাবাড়ী প্রতিনিধি:
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ধানের শীষের প্রবল সুনামিতে খড়কুটোর মতো ভেসে গেছেন সব প্রতিদ্বন্দ্বী। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এই দুর্ভেদ্য দুর্গে রাজকীয় জয় ছিনিয়ে নিয়েছেন ধানের শীষের কাণ্ডারি প্রকৌশলী ফাহিম চৌধুরী। এই বিজয় কেবল একটি আসন দখল নয়, বরং বছরের পর বছর চেপে রাখা জনরোষের এক বিস্ফোরণ, যাকে নকলা-নালিতাবাড়ীর সাধারণ মানুষ শৃঙ্খলমুক্তির উৎসব হিসেবে উদযাপন করছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় তথ্য অনুযায়ী জানা যায়, নকলা ও নালিতাবাড়ী উপজেলার ১৫৪টি ভোটকেন্দ্র এবং পোস্টাল ভোট মিলিয়ে প্রকৌশলী ফাহিম চৌধুরী পেয়েছেন মোট ১ লাখ ১৮ হাজার ৪৭২ ভোট। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম কিবরিয়া (ভিপি)-র চেয়ে ১০ হাজার ১৪০ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।
ফলাফল ঘোষণার পরপরই নালিতাবাড়ী শহর উৎসবের নগরীতে পরিণত হয়। শীত উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ রাজপথে নেমে আসেন। নালিতাবাড়ী শহীদ মিনার প্রাঙ্গণে ধানের শীষ হাতে বিজয় উল্লাসে মেতে ওঠেন তারা।
এ সময় সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জনাব হাবিবুর রহমান লিটন। তিনি বলেন,
“এই বিজয় শুধু ধানের শীষের নয়, এটি নকলা ও নালিতাবাড়ীর মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের বিজয়। জনগণ প্রমাণ করেছে, বিএনপি এখনও জনগণের আস্থার প্রতীক।”
সমাবেশে জনাব সাজ্জাদ হোসেন তুলিপ। তিনি বলেন,
“প্রকৌশলী ফাহিম চৌধুরীর হাত ধরে এই এলাকায় উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসনের নতুন অধ্যায় শুরু হবে।”
নালিতাবাড়ী উপজেলার ভোটার মো: রুবেল (৩৫) বলেন,
“আমরা একজন শিক্ষিত ও সৎ মানুষকে ভোট দিয়েছি। আশা করি তিনি আমাদের এলাকার বেকার ছেলেমেয়েদের জন্য কাজ করবেন।”
নকলা উপজেলার ভোটার ইলিয়াস হোসাইন (২৫) বলেন,
“দীর্ঘদিন পর শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছি। এই ফলাফল আমাদের মনের কথা।”
সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত নকলা ও নালিতাবাড়ীর সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে।