স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে কফি চাষ ও উদ্যোক্তা উন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে স্থানীয় কৃষি অফিস। এ উদ্যোগের অংশ হিসেবে কফি উদ্যোক্তা ও কৃষিবিদ মোহাম্মদ সাজ্জাদ হোসেন তুলিপকে একটি Vacuum Sealer ও একটি Coffee Roasting Machine উপহার দেওয়া হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান এসব যন্ত্রপাতি তুলে দেন।
কৃষি অফিস সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে কফি চাষ সম্প্রসারণ ও উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের মানোন্নয়ন নিশ্চিত করতে এ সহায়তা প্রদান করা হয়েছে। এর ফলে কফি প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ আরও সহজ ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার ইমরান হোসেন, ইকবাল হোসেন চৌধুরী, সোহেল ইমরুল কায়েস রুবেলসহ প্রমুখ ।
এ বিষয়ে কফি উদ্যোক্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন তুলিপ বলেন, শেরপুর জেলা পাহাড়ি হওয়ায় এখানে কফি চাষ বেশ চ্যালেঞ্জিং। দীর্ঘদিন ধরে তিনি এই কাজ করে যাচ্ছেন। উপজেলা কৃষি অফিস থেকে পাওয়া এই মেশিন তার কাজের গতি ও আগ্রহ দুটোই বাড়িয়ে দিয়েছে। তিনি আরও জানান, এসব যন্ত্রের মাধ্যমে কফি রোস্টিং ও ভ্যাকুয়াম সিলিং সহজে করা সম্ভব হচ্ছে, যা উৎপাদিত কফির মান বজায় রাখা ও বাজারজাতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান জানান, ভবিষ্যতেও কৃষিভিত্তিক উদ্যোক্তাদের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, যা স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে।