স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। রবিবার বিকেলে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। তিনি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা একটি সুস্থ, সচেতন ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম। তিনি এ ধরনের আয়োজনকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, এতে স্থানীয় ক্রীড়াঙ্গন আরও সক্রিয় হবে এবং তরুণদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে উঠবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের ক্রীড়াপ্রেমী, জনপ্রতিনিধি, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নকলা পৌরসভার উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে সহযোগিতা করছে উপজেলা ক্রীড়া সংস্থা। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এ প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ঘটবে এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে।