স্টাফ রিপোর্টার: শেরপুরের চরাঞ্চলের প্রত্যন্ত গ্রামে কৃষকদের সঙ্গে ধান কেটে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
রোববার (১১ মে) দুপুরে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের পয়স্তিরচর গ্রামে স্থানীয় কাটাখালি খাল খননের সম্ভাব্য স্থান পরিদর্শনে গিয়ে তিনি কৃষকদের সঙ্গে ধান কাটায় অংশ নেন। এসময় স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ধান কাটার সময় ডা. প্রিয়াঙ্কা বলেন, “চরাঞ্চলের কৃষকরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে কঠোর পরিশ্রমের মাধ্যমে সোনালী ধান ফলান। তাদের সেই শ্রমের প্রতি সম্মান জানাতেই আমি কিছু সময় তাদের সঙ্গে ধান কাটলাম। এতে কৃষকদের কষ্ট ও পরিশ্রম কাছ থেকে অনুভব করার সুযোগ হয়েছে।”
পরিদর্শনকালে তিনি সম্ভাব্য কাটাখালি খাল খননের স্থান ঘুরে দেখেন এবং খাল খননের সময় যেন কৃষকদের আবাদি জমি ও ধানের কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।
এছাড়া কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা, প্রান্তিক কৃষকদের জন্য সার, তেল, বীজসহ বিভিন্ন কৃষি প্রণোদনার বিষয় সংসদে তুলে ধরার আশ্বাস দেন তিনি।