নিজস্ব প্রতিনিধি:আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বইছে নির্বাচনী হাওয়া। দীর্ঘদিন পর সব দলের অংশগ্রহণে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের অপেক্ষায় থাকা এই জনপদে এখন উৎসবমুখর আমেজ বিরাজ করছে।
উপজেলার চায়ের দোকান থেকে শুরু করে দুর্গম পাহাড়ের পাদদেশের হাটবাজার, সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু জাতীয় ‘ভোট’।
গত ২১ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দের পর থেকেই মূলত পাল্টে গেছে এই নির্বাচনী এলাকার দৃশ্যপট। নালিতাবাড়ী ও নকলা উপজেলার বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে, ভোটারদের মধ্যে অন্যরকম উৎসাহ কাজ করছে। বিশেষ করে তরুণ ভোটার এবং দীর্ঘ সময় পর ভোট দেওয়ার সুযোগ পাওয়া সাধারণ মানুষের মাঝে প্রাণচাঞ্চল্য সবচেয়ে বেশি।
শেরপুর-২ আসনে এবার লড়াই হচ্ছে ৪ প্রার্থীর মাঝে। বিএনপি থেকে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে লড়ছেন প্রকৌশলী মো. ফাহিম চৌধুরী,
তার কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
নির্বাচনী মাঠে আরও রয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী মোঃ গোলাম কিবরিয়া ‘দাঁড়িপাল্লা’ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল্লাহ আল কায়েস ‘হাতপাখা’ এবং এবি পার্টি মনোনীত আবদুল্লাহ বাদশা ‘ঈগল’। এসব প্রার্থীরাও থেমে নেই ভোটের লড়াইয়ে।
নালিতাবাড়ী বাজারের সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, তারা এবার একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চান। ভোটারদের ভাষ্য, আমরা এমন একজনকে বেছে নিতে চাই যিনি এই কৃষিপ্রধান অঞ্চলের রাস্তাঘাট ও সীমান্ত সমস্যার সমাধানের পাশাপাশি তরুণ প্রজন্মের জন্য আধুনিক আইটি খাতের উন্নয়নে আন্তরিক হবেন।
নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নির্বাচনী আচরণবিধি নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে।
আসনটিতে চার প্রার্থী থাকলেও মূল লড়াই হবে বিএনপি-জামায়াতের মধ্যে। তবে অন্যান্য প্রার্থীরাও শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে সক্রিয় থাকবেন বলে ধারণা করা হচ্ছে।