আমানুল্লাহ আসিফ মীর, স্টাফ রিপোর্টার: লাইসেন্স নবায়ন ব্যতীত ব্যবসা পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রির অভিযোগে শেরপুরের নালিতাবাড়ীতে ১৯ হাজার টাকা জরিমানা ও ১২৫ কেজি মৎস্য খাদ্য জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। ২০ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের তারাগঞ্জ বাজার তিনটি দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসাইন, উপজেলা ভেটেরিনারি সার্জন সাকিব হোসেন সাগর ও আনসার সদস্যরা অংশ নেন।
সূত্র জানায়, মঙ্গলবার তারাগঞ্জ উত্তর বাজার, দক্ষিণ বাজার এবং গড়কান্দা বাজারে মৎস্য ও পশুখাদ্য আইন–২০১০ অনুসারে লাইসেন্স নবায়ন ব্যতীত ব্যবসা পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রির অপরাধে তিনটি মৎস্য খাদ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মেসার্স আমেনা পোল্ট্রি ফিস এন্ড চিকস- ৫০০০ হাজার টাকা, জাহিন এন্টারপ্রাইজ – ৮০০০ হাজার টাকা ও জনি এন্টারপ্রাইজ – ৬০০০ টাকা জরিমানা করা হয়। এসময় আরো ১২৫ কেজি মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের মৎস্য খাদ্য জব্দ করে তা বিনষ্ট করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসাইন জানান, ‘মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন খাদ্য ব্যবহার করলে মাছের উৎপাদন ব্যাহত হয় এবং চাষিরা আর্থিক ক্ষতির মুখে পড়েন। তাই এ ধরনের অনিয়ম রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’