জায়েদ মাহমুদ রিজন,স্টাফ রিপোর্টার: শেরপুর জেলা শহরের একটি ভাড়া বাসা থেকে শাহিনুল ইসলাম (৪০) নামে পুলিশের এক এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি শেরপুর সদর থানায় এএসআই (নিরস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে শহরের গৃর্দা নারায়ণপুর এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাহিনুল ইসলামের বিপি নম্বর- ৮৫০৫১০৪০০৪। তিনি জামালপুর সদর উপজেলার টেবিরচর গ্রামের মৃত শামছুল হকের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে ডিউটি শেষ করে সকাল সাড়ে ৮টার দিকে বাসায় ফেরেন শাহিনুল ইসলাম। পরে বেলা ১১টার দিকে তার স্ত্রী মাকসুদা পারভীন সন্তানসহ জামালপুরের নান্দিনা এলাকায় বাবার বাড়িতে যান।
দুপুর ২টার পর থেকে শাহিনুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। বিষয়টি সন্দেহজনক মনে হলে রাতে স্ত্রী ও তার ভাই জামালপুর থেকে শেরপুরে ভাড়া বাসায় ফিরে আসেন।
রাত ১১টার দিকে বাসায় পৌঁছে তারা দেখেন, প্রধান দরজাটি ভেতর থেকে বন্ধ। পরে পেছনের জানালা দিয়ে উঁকি দিয়ে ঘরের ভেতরে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় শাহিনুল ইসলামকে ঝুলতে দেখা যায়। এরপর দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শেরপুর সদর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, বুধবার দুপুর ২টা থেকে রাত ১১টার মধ্যবর্তী কোনো এক সময় তিনি আত্মহত্যা করেছেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, শাহিনুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, মানসিক অবসাদ থেকেই তিনি চরম সিদ্ধান্ত নিতে পারেন।
শেরপুর সদর থানা-পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।