জায়েদ মাহমুদ রিজন,স্টাফ রিপোর্টার: শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) সংসদীয় আসনে নির্বাচনী তৎপরতা জোরদার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া। নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে টানা গণসংযোগ ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন তিনি।
মঙ্গলবার সকালে তিনি নালিতাবাড়ী শহরের বিভিন্ন বাজার ও জনবহুল এলাকা ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। গণসংযোগকালে তিনি এলাকার দীর্ঘদিনের বঞ্চনা, দুর্নীতি ও অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে এর বিরুদ্ধে সোচ্চার অবস্থান নেন।
মুহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, “এই জনপদকে আর দুর্নীতি ও লুটপাটের হাতে ছেড়ে দেওয়া হবে না। জনগণ সুযোগ দিলে ন্যায়বিচার ও সুশাসনের মাধ্যমে শেরপুর-২ আসনকে একটি উন্নয়ন মডেল হিসেবে গড়ে তোলা হবে।” তিনি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং যুব সমাজকে মাদকমুক্ত করার প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতি ক্ষমতার মোহে নয়, মানুষের অধিকার ও মুক্তির লক্ষ্যে পরিচালিত।
গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় ভোটারদের অনেকেই জানান, স্পষ্ট বক্তব্য ও সাহসী অবস্থানের কারণে মু. গোলাম কিবরিয়া অন্য প্রার্থীদের তুলনায় ব্যতিক্রম হিসেবে আলোচনায় রয়েছেন। নির্বাচন যতই এগিয়ে আসছে, মাঠে তাঁর সরব উপস্থিতি ততই দৃশ্যমান হচ্ছে।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন।