পুলক রায়,নালিতাবাড়ি, শেরপুরঃ চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খোরশেদ রাব্বী (২৬) নামের এক কলেজছাত্র। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বী শেরপুরের নালিতাবাড়ী শহরের নিলামপট্টি মহল্লার বাসিন্দা। তিনি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফজলুর রহমানের ছেলে। রাব্বী আনন্দমোহন কলেজ-এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতের দিকে রাব্বী চার বন্ধুকে সঙ্গে নিয়ে একটি নোহা গাড়িতে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। দীর্ঘ যাত্রাপথে ভোরের দিকে তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক-এর সাতকানিয়া অংশে রাস্তার পাশে গাড়ি থামিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় রাব্বী পেছনের সিটে বসার জন্য গাড়ি থেকে নেমে এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করেন। ঠিক তখনই পিছন দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নালিতাবাড়ীতে নেমে আসে গভীর শোকের ছায়া। পরিবারের আহাজারি আর স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। সহপাঠী ও এলাকাবাসী এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
খোরশেদ রাব্বী শুধু একজন শিক্ষার্থীই নন, মানবিক গুণাবলির জন্যও এলাকায় সুপরিচিত ছিলেন। তিনি নিয়মিত স্বেচ্ছায় রক্তদান করতেন এবং অসহায় রোগীদের পাশে দাঁড়াতেন। সামাজিক সংগঠন ‘সুশাসনের জন্য নাগরিক (সুজন)’ নালিতাবাড়ী উপজেলা কমিটির একজন সক্রিয় সদস্য হিসেবেও তিনি নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।
একটি স্বপ্নভরা জীবনের এমন আকস্মিক ও মর্মান্তিক বিদায় পরিবার, বন্ধু ও সমাজে অপূরণীয় শূন্যতা তৈরি করেছে।