আমানুল্লাহ আসিফ মীর, স্টাফ রিপোর্টার:শেরপুরের নকলায় মরিয়ম (৬) নামে এক কণ্যাকে হত্যা ও মিম (৪) নামে অপর কণ্যাকে আহত করার অভিযোগ উঠেছে পিতা বাবু মিয়ার বিরুদ্ধে। ১৮ জানুয়ারি রোববার সকালে উপজেলার চর অষ্টধর ইউনিয়নের চর বসন্তী মধ্যপাড়া এলাকায় এঘটনা ঘটেছে।
ঘটনার পরপরই অভিযুক্ত বাবু মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি জানা গেছে। অভিযুক্ত বাবা বাবু মিয়াকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নকলার চর বসন্তী এলাকার বাবু মিয়ার সাথে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে বাবুর স্ত্রী বাবার বাড়িতে চলে যান। পরে বাবু মিয়া দুই সন্তানকে নিয়ে ঢাকায় অবস্থান করে আসছিল। এদিকে নকলায় গ্রামের বাড়িতে এসে রোববার সকালে হঠাৎ তিনি বড় মেয়ে মরিয়মকে গলা টিপে হত্যা করেন। ছোট মেয়ে মিমকেও হত্যার চেষ্টা করলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে পুলিশের সহায়তায় তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।