তানিম আহমেদ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ী উপজেলা-তে গাঁজা সেবনের অপরাধে দুই ব্যক্তিকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার কলসপাড়া ইউনিয়নের বালুঘাটা এলাকার ওয়াজেদ আলীর ছেলে উসমান গণি (৩৮) এবং পূর্ব ঘোনাপাড়া এলাকার কমল হোসেনের ছেলে মো. দুলাল (৩৫)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের কর্মকর্তারা কলসপাড়া ইউনিয়নের বালুঘাটা পেচাঁরবন এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় গাঁজা সেবনের প্রমাণ পাওয়া গেলে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয় তাদের।
পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী উসমান গণিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড এবং মো. দুলালকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় প্রশাসন জানায়, মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।