স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ১০ বাংলাদেশিকে আটক করা হয়েছে। শনিবার (১৬ মে) সকালে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হালুয়াঘাট থানায় হস্তান্তর করা হয়।
জানা গেছে, আটক ব্যক্তিরা পাসপোর্ট ও প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছাড়া ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করেন। এ সময় ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে হালুয়াঘাট সীমান্তের ধোপাঝুড়ি এলাকায় বিজিবি ও বিএসএফের যৌথ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আটক ব্যক্তিদের বিজিবির কাছে হস্তান্তর করে।
এ ঘটনায় তেলিখালী বিওপির পক্ষ থেকে হালুয়াঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেন।