স্টাফ রিপোর্টারঃশেরপুরের নকলা উপজেলার ঐতিহ্যবাহী কায়দা বালিকা দাখিল মাদরাসার ২৪তম ব্যাচের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবেগঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে মাদরাসা প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সুপার মাওলানা মোঃ অলিউল্লাহ। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আন্তরিক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি নাজমুল হক, সহ-সুপার মোশারফ হোসেন, সহকারী মৌলভী তাজুল ইসলাম, ইংরেজি শিক্ষক সাদ্দাম সরকার এবং অভিভাবক প্রতিনিধি রফিকুল ইসলামসহ অন্যান্যরা। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
বক্তারা বলেন, শিক্ষা জীবনের এ গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করে শিক্ষার্থীরা নতুন এক যাত্রার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। তারা যেন সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে নিজেদের লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে পারে—সেই প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে দাখিল পরীক্ষার্থীদের সার্বিক সফলতা ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আবেগঘন পরিবেশে বিদায় নিলেও শিক্ষার্থীদের চোখে ছিল ভবিষ্যৎ স্বপ্নপূরণের দৃঢ় প্রত্যয়।