নালিতাবাড়ী(শেরপুর) : শেরপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে নালিতাবাড়ী পৌরসভা দলের জার্সি উন্মোচন করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় নালিতাবাড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলের জার্সি উন্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও শহর বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন ভিপি, নালিতাবাড়ী পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমরান হোসেন, তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খোকন ও নালিতাবাড়ী প্রেসক্লাবের সদস্য সচিব সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে নালিতাবাড়ী পৌরসভা দলের খেলোয়াড়দের হাতে আনুষ্ঠানিকভাবে জার্সি তুলে দেওয়া হয়। পরে খেলোয়াড় ও অতিথিদের অংশগ্রহণে ফটোসেশন অনুষ্ঠিত হয়।
নালিতাবাড়ী পৌরসভা দলের সার্বিক পরিচালনার দায়িত্বে রয়েছেন তুলিপ কফি এন্ড রোস্টারের চেয়ারম্যান কৃষিবিদ সাজ্জাদ হোসেন তুলিপ।
উল্লেখ্য, আগামীকাল সোমবার (৭ সেপ্টেম্বর) শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আট দলের অংশগ্রহণে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এসএম হুমায়ুন কবির সরকারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।