তানিম আহমেদ নালিতাবাড়ী প্রতিনিধি: পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরা এবং সমাজে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে শেরপুরের নকলা উপজেলায় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এক আন্তরিক ও ভাবগম্ভীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) নকলা মডেল মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে এক মিলনমেলার আবহ সৃষ্টি হয়, যা পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক ঐক্যের অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠে।
ইফতার পূর্ববর্তী আলোচনা পর্বে বক্তারা রমজান মাসের সংযম, আত্মশুদ্ধি ও মানবসেবার গুরুত্ব তুলে ধরেন। তারা মানবকল্যাণ ফাউন্ডেশনের সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে বলেন, মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে।
পরে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল জলিল কাসেমী। দোয়া শেষে উপস্থিত মুসল্লিরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন এবং পারস্পরিক ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন।
আয়োজকরা জানান, মানবকল্যাণ ফাউন্ডেশন ভবিষ্যতেও সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক কর্মকাণ্ড আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেছে।