তানিম আহমেদ, প্রতিনিধি: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে নকলা উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ফরহাদ ক্যাডেট একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা। নিজেদের টিফিনের টাকা থেকে অল্প অল্প করে সঞ্চয় করে তারা অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে।
জানা যায়, পবিত্র রমজান মাসকে সামনে রেখে শিক্ষার্থীরা আগে থেকেই স্বতঃস্ফূর্তভাবে সঞ্চয়ের উদ্যোগ নেয়। প্রতিদিনের টিফিনের টাকা থেকে সামান্য করে জমাতে জমাতে তারা একটি তহবিল গড়ে তোলে। রমজান শেষে সেই সঞ্চিত অর্থ দিয়ে এলাকার কয়েকটি অসহায় পরিবারের জন্য ঈদ উপহার প্রস্তুত করা হয়। ক্ষুদ্র এই প্রয়াসের মধ্য দিয়ে শিক্ষার্থীরা সমাজে সহমর্মিতা, ভালোবাসা ও মানবিকতার এক উজ্জ্বল বার্তা ছড়িয়ে দেয়।
সোমবার (১৬ মার্চ) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আমন্ত্রিত অসহায় মানুষের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল সেমাই, নুডুলস, চিনি, ডাল, আলু, পেঁয়াজ ও একটি করে সাবান।
শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হাসান মিয়া বলেন, ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে মানবিক মূল্যবোধ ও সহানুভূতির চর্চা গড়ে তোলার এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তিনি জানান, শিক্ষার্থীদের এমন মহৎ কাজে তিনি সাধ্যমতো সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বিদ্যালয়ের পরিচালকগণও শিক্ষার্থীদের এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কর্মকাণ্ড শিক্ষার্থীদের দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এসব শিক্ষার্থী মানবিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠে সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানায়, সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা নানা সীমাবদ্ধতার কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত থাকে। তাদের ক্ষুদ্র প্রচেষ্টায় যদি কারও মুখে হাসি ফুটে, সেটিই তাদের সবচেয়ে বড় আনন্দ ও প্রাপ্তি।
এ আয়োজনে অংশ নেয় মোমতাহিনা সোহা, আসিফ, সায়রা, নুবা, ইলমা, খাদিজা, আলভী, সিনথিয়া, সিনহা, সাইম, সাঈদসহ আরও কয়েকজন শিক্ষার্থী।