স্টাফ রিপোর্টার:শেরপুর জেলায় জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে চালু করা হয়েছে ‘ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপ’।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এখন থেকে জ্বালানি পাম্প থেকে তেল নিতে হলে সংশ্লিষ্ট যানবাহনের রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে অ্যাপের আওতায় নিবন্ধন থাকতে হবে। অ্যাপের মাধ্যমে নিবন্ধন ছাড়া কোনো যানবাহনকে জ্বালানি তেল দেওয়া হবে না।
তবে গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তির বিষয় হলো—জ্বালানি তেল নিতে আসা ব্যক্তিদের নিজস্ব মোবাইলে অ্যাপটি ইনস্টল করার প্রয়োজন নেই। জ্বালানি তেল পাম্প কর্তৃপক্ষই অ্যাপ ব্যবহার করে গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের ভিত্তিতে গ্রাহকদের নিবন্ধন সম্পন্ন করবেন।
জেলা প্রশাসন আরও জানায়, জ্বালানি তেল গ্রহণের সময় সকল গ্রাহককে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে পাম্প কর্তৃপক্ষকে সহযোগিতা করতে হবে।