স্টাফ রিপোর্টার:শেরপুরের নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নের কিংকরপুর মধ্যগজারিয়া গ্রামের অসহায় বৃদ্ধা ফুলমতির মানবেতর জীবন নিয়ে সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তার হাত বাড়িয়েছে রোটারী ক্লাব অব ঢাকা পূর্বাশা। সংগঠনটির উদ্যোগে তার বাড়িতে একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে, ফলে দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট থেকে স্বস্তি পেয়েছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছিলেন বৃদ্ধা ফুলমতি। নিরাপদ বসতঘরের অভাবের পাশাপাশি সুপেয় পানির সংকট ছিল তার নিত্যদিনের কষ্টের অন্যতম কারণ। প্রতিদিন দূরবর্তী স্থান থেকে পানি সংগ্রহ করতে গিয়ে তাকে ভোগান্তির শিকার হতে হতো।
সম্প্রতি গণমাধ্যমে তার অসহায় জীবনের চিত্র প্রকাশিত হলে বিষয়টি বিভিন্ন মহলের নজরে আসে। পরে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসে রোটারী ক্লাব অব ঢাকা পূর্বাশা। ক্লাবটির প্রেসিডেন্ট আহ্ বাবুল হাছান নুপু ও কো-অর্ডিনেটর রিপসা সৈয়দা লুবানা নাজ আলমের সার্বিক সহযোগিতায় শনিবার (৯ মে) ফুলমতির বাড়িতে একটি নতুন টিউবওয়েল স্থাপন করা হয়।
টিউবওয়েল স্থাপনের পর আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন বৃদ্ধা ফুলমতি। তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এতদিন অনেক কষ্ট করে দূর থেকে পানি আনতে হতো। এখন নিজের বাড়িতেই পানি পাচ্ছি।”
এদিকে স্থানীয় বাসিন্দারা সংগঠনটির এমন মানবিক উদ্যোগকে প্রশংসা করেছেন। তাদের মতে, সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে অসহায় মানুষের জীবনমান পরিবর্তন সম্ভব।
তবে স্থানীয়দের দাবি, টিউবওয়েল স্থাপনের মাধ্যমে একটি বড় সমস্যা সমাধান হলেও ফুলমতির এখনও একটি নিরাপদ বসতঘরের প্রয়োজন রয়েছে। এজন্য সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও মানবিক সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেছেন তারা।