স্টাফ রিপোর্টার: ‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’— এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের নিয়মিত আসরে বিশ্ব মা দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার (১০ মে) সকাল সাড়ে ১০টায় নালিতাবাড়ীর সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয় একুশে পাঠচক্রের ১৩২তম আসর। ‘মা’ আশ্রয়ের একটাই ঠিকানা’ শীর্ষক এ আয়োজনের সভাপতিত্ব করেন শিক্ষক শান্তি সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন একুশে দ্যুতি ও চন্দ্রিকা দ্যুতি।
অনুষ্ঠানের উদ্বোধন করেন পাহাড়ি জনপদে দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে ধাত্রীর সেবামূলক কাজে নিয়োজিত গুণী মা নূর জাহান বেগম।
এসময় ‘মা’ দিবস উপলক্ষে প্রকাশিত ধারাবাহিক দেয়ালিকা ‘অক্ষরপত্র’-এর মোড়ক উন্মোচন করেন সেঁজুতি বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী আঞ্জুমান আরা বেগম।
অনুষ্ঠানে উপস্থিত সকল মাকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান সেঁজুতি বিদ্যানিকেতনের শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও সুধীজন। পরে এক আবেগঘন আয়োজনে সন্তানেরা নিজেদের মায়েদের পা ধুয়ে শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে।
পা ধোয়া পর্ব শেষে বক্তব্য রাখেন মাসিক ভাঁজপত্র ‘কণ্ঠস্বর’-এর সম্পাদক প্রভাষক স্বপ্না চক্রবর্তী, প্রেসক্লাব নালিতাবাড়ীর সাবেক সহ-সভাপতি বিপ্লব দে কেটু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম এবং ‘কণ্ঠস্বর’-এর প্রধান সম্পাদক জয়জিৎ দত্ত শ্যামল।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিশু শিক্ষার্থী ফারদিন ও সঙ্গীত শিক্ষক মনি গাঙ্গুলি সংগীত পরিবেশন করেন। পুরো আয়োজনটি মা ও সন্তানের ভালোবাসা, শ্রদ্ধা এবং মানবিক মূল্যবোধে এক অনন্য আবহ সৃষ্টি করে