স্টাফ রিপোর্টার: গারো পাহাড়-সংলগ্ন সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ প্রসাধনসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ও শুক্রবার (১৪ ও ১৫ মে) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কাটাবাড়ী ও শেরপুরের শ্রীবরদী উপজেলার মেঝপাড়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হলে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত মালামাল ফেলে দুর্গম সীমান্ত পথে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে জনসন্স বেবি পাউডার, বিভিন্ন ব্র্যান্ডের ক্রিম, বডি স্প্রে এবং পাচারকাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি।
ময়মনসিংহ বিজিবি-৩৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ পণ্য ও মাদক পাচার ঠেকাতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
তিনি জানান, জব্দকৃত মালামালের বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।