স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে উপজেলার রূপসী ইউনিয়নের ভাট্টা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাট্টা গ্রামের মৃত হাজী জুনাব আলীর কবরের পাশে খড়ের কাজ করছিলেন মৃত শুক্কুর আলীর ছেলে তাজউদ্দিন (৪০)। এ সময় মাটিতে পড়ে থাকা পিডিবির বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন।
পরে ঘটনাস্থলে থাকা মৃত মিয়া হোসেনের ছেলে আরশব আলী (৬০) তাজউদ্দিনকে গরমে অসুস্থ হয়ে পড়ে গেছেন মনে করে তাকে ধরতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা দ্রুত ঝুঁকিপূর্ণ বিদ্যুতের তার অপসারণ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।