স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার হাতিপাগার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে আটক ১০ বাংলাদেশি যুবককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৬ মে) বিকেলে সীমান্ত এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে ফেরত দেওয়া হয়।
জানা গেছে, আটক ব্যক্তিরা সবাই রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দা। জীবিকার সন্ধানে প্রায় এক বছর আগে তারা কোনো বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়াই দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে ভারতের কিল্লাপাড়া এলাকা থেকে ২২ বিএসএফ সদস্যরা তাদের আটক করে।
পরবর্তীতে বিএসএফ তাদের পরিচয় যাচাই করতে স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয় যে তারা বাংলাদেশের নাগরিক।
শনিবার বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে সীমান্ত পিলার ১১১৬ সংলগ্ন নাকুগাঁও আইসিপি এলাকায় ২২ বিএসএফ-এর কিল্লাপাড়া কোম্পানি কমান্ডার আনুষ্ঠানিকভাবে আটক ১০ যুবককে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধীন হাতিপাগার কোম্পানি কমান্ডারের কাছে হস্তান্তর করেন।
হস্তান্তরের পর হাতিপাগার কোম্পানির সুবেদার মোঃ ফুল মিয়া সরকার বাদী হয়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩-এর ১১(১)(গ) ধারায় নালিতাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
আটক ব্যক্তিরা হলেন— সোবান আলী (২৩), আব্দুল মারুফ রহমান (২০), আজিজুল ইসলাম (২১), আব্দুল আলিম (২৭), আলামিন (২৩), মধু মুরারী (৩৪), আনিকুল ইসলাম (২৫), তাজেল আলী (২৫), মেসবাহুল (২১) ও আব্দুল হাকিম (৪৯)।