স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা উপজেলার ভোগাই নদীর ভাঙনপ্রবণ চারটি এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। শনিবার (১৬ মে) তিনি সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং নদীভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ভাঙনের কারণ ও প্রতিরোধমূলক করণীয় নিয়ে আলোচনা করেন। তিনি নদীপাড়ের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন।
পরে তিনি ১০৭ নং বেনীরগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা তাঁর নজরে আসে। তিনি দেখতে পান, ক্যাচমেন্ট এরিয়ার তুলনায় শিক্ষার্থী সংখ্যা কম, উপস্থিতির হারও সন্তোষজনক নয়। এছাড়া ওয়াশব্লকে দুর্গন্ধ ও শিক্ষার্থীদের ইউনিফর্ম সংকটের বিষয়টিও তুলে ধরা হয়।
জেলা প্রশাসক বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ দেন এবং শিক্ষার্থীদের ইউনিফর্ম সরবরাহের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, পানি উন্নয়ন বোর্ড শেরপুরের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত চৌধুরী, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।