স্টাফ রিপোর্টার:শেরপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য ও ভেজাল খাদ্যসামগ্রী জব্দ করেছে পুলিশ। এ সময় আক্তারুজ্জামান নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
বুধবার (২০ মে) বিকেলে সদর উপজেলার পাকুড়িয়া ফকিরপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া আক্তারুজ্জামান দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে জিরা, নিম্নমানের চাল ও বিভিন্ন ধরনের মসলা দেশে এনে তা প্রক্রিয়াজাত করে বাজারজাত করছিলেন। অভিযোগ রয়েছে, নিম্নমানের এসব পণ্যে ক্ষতিকর সুগন্ধি ও রাসায়নিক মিশিয়ে দেশীয় নামিদামি ব্র্যান্ডের মোড়কে ভরে বাজারে বিক্রি করা হতো।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে আতপ চাল, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়াসহ বিভিন্ন ধরনের মসলাজাত পণ্য। আসন্ন ঈদকে সামনে রেখে এসব ভেজাল খাদ্যপণ্য বাজারে সরবরাহ করা হচ্ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। প্রতিদিনই সেখানে নতুন করে ভেজাল পণ্য প্রস্তুত করা হচ্ছিল বলেও প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ভেজাল ও অবৈধ পণ্য জব্দ করা হয় এবং আক্তারুজ্জামানকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, জব্দ করা মালামালের পরিমাণ অন্তত দুইটি মিনি ট্রাকের সমান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।