স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে ধোবাউড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটে ধোবাউড়া থানার এসআই মোঃ খায়রুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পঞ্চনন্দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে চার জুয়ারিকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সরাফ উদ্দিন (৫৫), মোঃ দুলাল মিয়া (৩৬), মোঃ রিপন মিয়া (২৬) ও মোঃ দুলাল মিয়া (৩৮)। তাদের সবার বাড়ি উপজেলার পঞ্চনন্দপুর গ্রামে।
পুলিশ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় জুয়া খেলার বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।