স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বাজার ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সোমবার (২৩ মার্চ) শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরীর নির্দেশনায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
কৃষিবিদ সাজ্জাদ হোসেন তুলিপের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে অংশ নেন নাজমুল হাসান লিটন, মোঃ ফিরোজ বাদশা, মোঃ আনিউল্লাহ, রফিকুল ইসলাম, আরফিদি প্রমুখ।
আয়োজকরা জানান, নালিতাবাড়ী উপজেলাকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক এলাকায় রূপান্তরের লক্ষ্য নিয়ে প্রতি সপ্তাহে একদিন করে এ কার্যক্রম চালানো হবে। তারা সাধারণ মানুষকে নিজ নিজ বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।
তবে স্থানীয় ব্যবসায়ীরা জানান, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার সুযোগ নেই। ব্যবসায়ী শরীফ বলেন, “ডাস্টবিনের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে অনেক সময় রাস্তায় ময়লা ফেলতে হয়, যা পরিবেশের জন্য ক্ষতিকর।”