স্টাফ রিপোর্টার: গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের রাউতকোনা গ্রামে স্ত্রী, তিন সন্তান ও শ্যালকসহ একই পরিবারের ৫ জনকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নিহতরা হলেন— ফোরকান মিয়ার স্ত্রী শারমীন (৩০), মেয়ে মীম (১৫), মারিয়া (৮), ছেলে শাহাদাত হোসেন (২) এবং শ্যালক রসুল মিয়া (২২)। রসুল মিয়ার পিতার নাম শাহাদাত মোল্লা। অভিযুক্ত ফোরকান মিয়ার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর এলাকায় বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে প্রাইভেটকার চালক ফোরকান মিয়া রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হত্যার আগে পরিবারের সদস্যদের ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয়ে থাকতে পারে বলেও সন্দেহ করছে পুলিশ।
কাপাসিয়া থানার তদন্ত পরিদর্শক যুবায়ের হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে গাজীপুর সিআইডি টিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।