স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা-র দক্ষিণমাইজপাড়া ইউনিয়নের উত্তর রানিপুর (চিরাখালী) গ্রামে এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার সকালে স্থানীয়রা গ্রামের কামাল উদ্দিনের দোকানের সামনে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে ধোবাউড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের দাবি, গত কয়েকদিন ধরেই ওই নারীকে সীমান্তঘেঁষা এলাকা দিয়ে গ্রামে প্রবেশ করতে দেখা যায়। এরপর তিনি গ্রামের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছিলেন। তার কথাবার্তা ও আচরণে অসংলগ্নতা থাকায় অনেকেই ধারণা করছেন, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। আবার কেউ কেউ বলছেন, তিনি ভারতীয় নাগরিকও হতে পারেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হুমায়ূন আহম্মদ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এ কারণে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।