স্টাফ রিপোর্টার: নালিতাবাড়ী উপজেলার হাজী সাইজউদ্দিন ফিলিং স্টেশনে আবারও পেট্রোল ও অকটেনের মজুত শেষ হয়ে গেছে। শুক্রবার( ৩ এপ্রিল)রাত ৯টা ৫৫ মিনিটের দিকে পাম্পটিতে পেট্রোল সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়। এর ফলে হঠাৎ করেই পেট্রোল ও অকটেন সরবরাহ বন্ধ হয়ে পড়ায় আবারও ভোগান্তিতে পরবে মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকরা।
পাম্পটিতে জ্বালানি নিতে আসা অনেক চালককে খালি ফিরে যেতে দেখা গেছে। কেউ কেউ আবার কয়েকবার লাইনে দাঁড়িয়ে অতিরিক্ত তেল নেওয়ার চেষ্টা করছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশেষ করে মোটরসাইকেল চালকেরা বেশি বিপাকে পড়েছেন, কারণ তাদের প্রধান জ্বালানি পেট্রোল। অনেকেই বাধ্য হয়ে দূরের ফিলিং স্টেশনে যাচ্ছেন, ফলে সময় ও খরচ—দুটোই বেড়ে যাচ্ছে।
তবে স্বস্তির বিষয় হলো, ফিলিং স্টেশনটিতে ডিজেল সরবরাহ এখনো স্বাভাবিক রয়েছে। ফলে বাস, ট্রাক ও অন্যান্য ডিজেলচালিত যানবাহনগুলোর চলাচলে তেমন কোনো সমস্যা দেখা যায়নি।
এ বিষয়ে পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে পেট্রোল ও অকটেন কবে এসে পৌঁছাবে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে তারা আশা করছেন, আগামী এক থেকে দুই দিনের মধ্যেই জ্বালানির নতুন সরবরাহ ডিজেল আসবে।
এদিকে বারবার এমন জ্বালানি সংকট দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ বাড়ছে। তারা দ্রুত সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।