স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আকলিমা বেগম (৪৫) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি গত ২৬ মার্চ উপজেলার পশ্চিম চাঁদগাঁও গ্রামে ঘটে।
আহত আকলিমা বেগমকে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে শেরপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের খোরশেদ আলম ও আছমত আলীর পরিবারের মধ্যে বাড়ি থেকে বের হওয়ার রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পূর্বে জমি সংক্রান্ত বিষয় স্থানীয়ভাবে মীমাংসা হলেও বিরোধের রেশ থেকে যায়। এরই জেরে গত বছরের ৪ আগস্ট উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এতে একজন আহত হলে থানায় মামলাও দায়ের করা হয়।
পরবর্তীতে চলতি বছরের ১৪ মার্চ একই বিষয় নিয়ে পুনরায় উত্তেজনা সৃষ্টি হয় এবং মারধরের ঘটনাও ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের প্রেক্ষিতে ২৬ মার্চ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে পুলিশ ফিরে আসার কিছুক্ষণ পরই পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, এ সময় আছমত আলী ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে খোরশেদ আলমের পরিবারের ওপর হামলা চালায়। হামলার মুখে পরিবারটি পাশের একটি দোকানে আশ্রয় নেয় এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ এসে তাদের উদ্ধার করে।
কিন্তু পরবর্তীতে আবারও সংঘর্ষ বাধে। একপর্যায়ে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হলে আকলিমা বেগম গুরুতর আহত হন।
এ ঘটনায় আহতের ভাই খোকন মিয়া বাদী হয়ে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগ করেন, স্থানীয় এক রাজনৈতিক নেতার উস্কানিতে এ হামলার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।