স্টাফ রিপোর্টার তানিম আহমেদ:শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের পলাশিয়া গ্রামের বেহাল কাঁচা সড়কের সংস্কারের দাবিতে ব্যতিক্রমী প্রতিবাদ করেছেন স্থানীয় বাসিন্দারা। চলাচলের অনুপযোগী হয়ে পড়া রাস্তায় ধান রোপণ করে ক্ষোভ প্রকাশ করেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়,৬নং কাকরকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ডের সুতিয়ার পাড় বাজার হতে পলাশিয়া গ্রাম হয়ে বান্দের বাজার পর্যন্ত সড়কটি জন গুরুত্বপূর্ণ। এই সড়কটির কিছু অংশ পাকা থাকলেও পশ্চিম পলাশিয়া গ্রামের সিদ্দিকের বাড়ি থেকে শিক্ষক অনাদি সরকারের বাড়ি পর্যন্ত মানুষ চলাচলের অনুপযোগী। গুরুত্বপূর্ণ এই কাঁচা সড়কটি দিয়ে প্রতিদিন প্রায় ১,৫০০ থেকে ২,০০০ মানুষের যাতায়াত হয়। সড়কটির পাশে রয়েছে একটি মন্দির, ঈদগাহ মাঠ, মসজিদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় ৩০০ শিক্ষার্থী প্রতিদিন এই রাস্তা ব্যবহার করলেও কাদা ও জলাবদ্ধতার কারণে তারা চরম দুর্ভোগে পড়েছে। অনেক সময় শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে যেতেও পারছে না।
এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে জনপ্রতিনিধিদের কাছে সড়ক সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ জানান তারা।
স্থানীয় বাসিন্দা মালেক মিয়া বলেন,আমরা এই রাস্তা দিয়ে ঠিকমতো চলাচল করতে পারি না। তাই প্রতিবাদ হিসেবে ধান লাগিয়েছি। মেম্বার-চেয়ারম্যানরা শুধু ভোট চাইতে আসে, কিন্তু রাস্তার কাজ করে না।
একই এলাকার আব্দুল জব্বার বলেন,রাস্তার অবস্থা এতটাই খারাপ যে কোনো রোগীকে হাসপাতালে নিতে হলে অনেক কষ্ট করতে হয়। কৃষকরাও ধান পরিবহন করতে পারছেন না। আগে প্রতি মণ ধান পরিবহনে ৪০ টাকা লাগলেও এখন খরচ হচ্ছে ১০০ টাকা।
এক মাছ ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন,মাছ বিক্রি করতে এসে দেখি রাস্তার মাঝখানে ধান লাগানো। রাস্তার এমন অবস্থা যে চোর-ডাকাতও এ এলাকায় চুড়ি করতে আসতে চাইবে না। আর বলেন এমন রাস্তা দেখে কেউ এ এলাকায় বিয়েও দিতে চাইবে না।
কাকরকান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাব উদ্দিন বলেন,এই ইউনিয়নে যত চেয়ারম্যান হয়েছে, সবাইকে রাস্তার বিষয়টি বলা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ হয়নি। প্রায় ছয় মাস আগে গণস্বাক্ষর সংগ্রহ করে ইউএনও অফিসে জমা দিলেও কোনো অগ্রগতি হয়নি।
১নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) জমসেদ আলী বলেন,পলাশিয়া গ্রামের রাস্তার বেহাল অবস্থার কথা আমরা জানি। ইতিমধ্যে একটি প্রকল্পের আওতায় প্রায় ১,৩০০ ফুট রাস্তার কাজ অনুমোদন হয়েছে। চেয়ারম্যানের মাধ্যমে দ্রুত কাজ শুরু হবে। বাকি অংশের জন্য এমপি মহোদয় ও ইউএনও অফিসে আবেদন করা হয়েছে।
এ বিষয়ে কাকরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়ামুল কাউছার বলেন,পশ্চিম পলাশিয়া গ্রামের রাস্তার অবস্থা খারাপ, এটি আমিও জানি। এর আগে কিছু বালু ফেলা হয়েছিল। ইউনিয়নে বরাদ্দ না থাকলেও নিজ উদ্যোগে বিশেষ বরাদ্দ এনে প্রায় ১,৩০০ ফুট ইট সলিংয়ের কাজের ব্যবস্থা করেছি। আশা করছি, এ সপ্তাহের মধ্যেই কাজ শুরু হবে।