স্টাফ রিপোর্টার: নকলা-নালিতাবাড়ী মহাসড়কে মাত্র কয়েকদিন আগে পিচ ঢালাইয়ের কাজ শুরু হলেও এরই মধ্যে সড়কের একাধিক স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে পিচ উঠে যেতে দেখা গেছে। কাজ সম্পূর্ণ শেষ হওয়ার আগেই সড়কের এমন নাজুক অবস্থায় স্থানীয় জনগণ ও পথচারীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
প্রতিদিন এই সড়ক দিয়ে হাজারো মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু নিম্নমানের কাজ ও তদারকির অভাবে নতুন নির্মাণাধীন সড়কেই সৃষ্টি হয়েছে ভাঙন ও গর্ত। এতে বাড়ছে জনদুর্ভোগ, পাশাপাশি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
স্থানীয়দের অভিযোগ, টেকসই উন্নয়নের বদলে দায়সারা কাজ করায় সরকারি অর্থ ব্যয়ের সুফল মিলছে না। তারা দ্রুত সড়কের কাজের মান যাচাই, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং পুনরায় মানসম্মতভাবে সংস্কারের দাবি জানিয়েছেন।
জনদুর্ভোগ বাড়ার আগেই সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি।