স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে নতুন একটি কঠোর নীতিমালা চালু করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ফাহিম চৌধুরীর পরামর্শে রোববার অনুষ্ঠিত এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনার পর সিদ্ধান্ত হয়, এখন থেকে উপজেলার পেট্রোল পাম্পগুলোতে শুধুমাত্র নালিতাবাড়ীর স্থায়ী বাসিন্দারাই অকটেন, পেট্রোল ও ডিজেল সংগ্রহ করতে পারবেন। বহিরাগতদের চাপ কমিয়ে জ্বালানির সুষম সরবরাহ বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিটি যানবাহন সর্বোচ্চ ৫০০ টাকার জ্বালানি নিতে পারবে। তেল সংগ্রহের সময় গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র এবং যানবাহনের বৈধ কাগজপত্র প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়া সরকারি চাকরিজীবী, সাংবাদিক, শিক্ষক ও এনজিও কর্মীদের জন্য বিশেষ বিধান রাখা হয়েছে। তাদের ক্ষেত্রে নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র প্রদর্শনের মাধ্যমে জ্বালানি সংগ্রহের সুযোগ থাকবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে জ্বালানি সংকট মোকাবিলায় শৃঙ্খলা ফিরবে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন।