তানিম আহমেদ নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী পৌর এলাকায় এক সাংবাদিকের খামারবাড়ি থেকে গভীর নলকূপের একটি সাবমার্সিবল পাম্প চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাম্পসহ চোরকে শনাক্ত বা আটক করতে সহায়তা করলে তথ্যদাতাকে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।
জানা যায়, গত ৫ মার্চ দিবাগত রাতের কোনো এক সময় নালিতাবাড়ী পৌর শহরের নালিতাবাড়ী-নকলা সড়ক সংলগ্ন একটি খামারবাড়িতে এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিকের নাম লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোরো মৌসুমে সেচ সুবিধার জন্য সম্প্রতি তিনি ওই খামারবাড়িতে একটি সাবমার্সিবল পাম্প স্থাপন করেছিলেন। তবে গত বৃহস্পতিবার রাত ১১টার পর থেকে ভোরের মধ্যবর্তী সময়ে দুর্বৃত্তরা পাম্পটি খুলে নিয়ে যায়।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে সাংবাদিক লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া ঘোষণা দেন, কেউ যদি পাম্পসহ চোরকে ধরিয়ে দিতে পারেন, তবে তাকে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
একই সঙ্গে তিনি চোরদের উদ্দেশ্যে অনুরোধ জানিয়ে বলেন, পাম্পটি যেন জনসম্মুখের আড়ালে আশেপাশের কোথাও রেখে যাওয়া হয়। পাশাপাশি শেরপুর জেলাসহ পার্শ্ববর্তী নকলা, ফুলপুর ও হালুয়াঘাট এলাকার ভাঙারি ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। কোনো ব্যবসায়ী পাম্পটি শনাক্ত করতে পারলে তা জব্দ করে দ্রুত তার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।