তানিম আহমেদ নালিতাবাড়ী প্রতিনিধি:শেরপুরের নালিতাবাড়ী উপজেলা-তে মোঃ রতন (২৪) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাতের কোনো এক সময় উপজেলার কলসপাড় ইউনিয়নের তারাকান্দি পূর্বপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তারাকান্দী গ্রামের শফিকুল ইসলামের ছেলে রতন রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার শেষে নিজ বসতঘরের একটি কক্ষে স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে ঘুমাতে যান। পরবর্তীতে রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে তার স্ত্রী নাছরীন বেগম ঘুম থেকে উঠে ঘরের লাইট জ্বালালে দেখতে পান, রতন ঘরের ধর্ণার সঙ্গে বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছেন।
এ সময় তার চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে এসে ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে বাংলাদেশ পুলিশ-এর নালিতাবাড়ী থানা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করেন।
পরিবারের দাবি, প্রায় ৪–৫ মাস আগে প্রতিবেশী আনসার আলীর পরিবারের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় রতন গুরুতর আহত হন। এরপর থেকে তিনি দীর্ঘদিন ধরে শারীরিক যন্ত্রণা ও মানসিক চাপে ভুগছিলেন বলে স্বজনরা জানান।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান আছে।