তানিম আহমেদ নালিতাবাড়ী প্রতিনিধি:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১২টার দিকে শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ-এর পক্ষ থেকে প্রেরিত ঈদ শুভেচ্ছা বার্তা ও উপহার সামগ্রী সংশ্লিষ্ট পরিবারগুলোর হাতে তুলে দেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।
এ সময় তিনি কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের পরিবারবর্গের প্রতি জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এই উদ্যোগের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি শহীদ পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সম্মান ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়া হয় ।