তানিম আহমেদ নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক ও অসহায় পরিবারের জন্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নালিতাবাড়ী প্রেসক্লাবে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে ১৫ জন শিশুর হাতে নতুন জামা তুলে দেওয়া হয় এবং ২০টি অসচ্ছল পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচির আগে বন্ধুসভার সদস্যরা বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সহায়তা পৌঁছে দেন।
বন্ধুসভার সদস্যরা জানান, সমাজের পিছিয়ে পড়া শিশুদের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। ঈদের আনন্দ যেন শুধু কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ না থেকে সবার মাঝে ছড়িয়ে পড়ে—এই প্রত্যাশা থেকেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
নালিতাবাড়ী বন্ধুসভার সভাপতি অভিজিৎ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সারোয়ার হোসাইন, সাবেক সভাপতি আমিনুল ইসলাম, অ্যাডভোকেট ইয়াছমিন আক্তার, জয় সাহা, সাবেক সাধারণ সম্পাদক সানী ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু রাসেল, দপ্তর সম্পাদক শাহীন আলম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আমানুল্লাহ আসিফ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জনি হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
উপহার পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে নির্মল আনন্দের হাসি যা পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও হৃদয়স্পর্শী ।