স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা উপজেলায় ঐতিহ্যবাহী ইছালে ছওয়াব উপলক্ষে ৬৩তম ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার উরফা ইউনিয়নের বেনীরগোপ গ্রামের মরহুম হাজী ইমান আলী সাহেবের বাড়িতে এ মাহফিলের আয়োজন করা হয়।
জানা গেছে, কয়েক যুগ ধরে হাজী ইমান আলী পরিবারের উদ্যোগে নিয়মিতভাবে এই ইছালে ছওয়াবের আয়োজন হয়ে আসছে। আয়োজকরা জানান, ইসলামী সংস্কৃতি লালন, ধর্মীয় শিক্ষা বিস্তার এবং মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় এই আয়োজন দীর্ঘদিন ধরে চলে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
তারাকান্দা দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কোরআন মুফতী এহসান ইবনে মাসউদ রংপুরী, নওহাটা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দীন, তারাগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক ও ইসলামী চিন্তাবিদ মাওলানা ইলিয়াস, মিষ্টভাষী বক্তা হাফেজ মাওলানা শাহজাহান সিরাজী, অনলবর্ষী বক্তা মোস্তফা হোসাইন এবং মহি উদ্দিন মীরসহ অন্যান্য আলেমগণ।
সম্মেলনের শেষ পর্বে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।