স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা, নকলা’র আয়োজনে উপজেলার দুটি স্থানে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মিণী মিজ্ সেনওয়া চৌধুরী।
জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্প’-এর আওতায় দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের অংশ হিসেবে নকলায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
প্রথম পর্যায়ে পেকুয়া বিলের মোহনা থেকে বিহারিরপাড় উট ব্রিজ পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায়ে বুরুডুবি এলাকার কামরুলের বাড়ির সামনের খাল থেকে গোদাডাংগা হয়ে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত খাল পুনঃখননের কাজ শুরু করা হয়।
সংশ্লিষ্টরা জানান, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধা সম্প্রসারণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক মিজ্ আরিফা সিদ্দিকা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মিজ্ সাদিয়া আফরিন এ্যানি, নকলা থানার অফিসার ইনচার্জ রিপন চন্দ্র গোপ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, পিআইও নকলাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপকারভোগী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুধীজন।