স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৯৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদককারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪, সিপিএসসি ময়মনসিংহের একটি আভিযানিক দল। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৬ মে) বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে ত্রিশাল থানাধীন ধানীখোলা বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এসময় সন্দেহভাজন একটি সিএনজি তল্লাশি চালিয়ে ৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
অভিযানে শেরপুর জেলার বাসিন্দা মোঃ সোলাইমান কবির (৪৩) ও মোঃ নজরুল ইসলাম (২৫) নামে দুই মাদককারবারিকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।