স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাব্বির মিয়া (৬) নামে এক শারীরিক ও বাকপ্রতিবন্ধী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার নয়াবিল ইউনিয়নের নয়াবিল পূর্বপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত সাব্বির মিয়া ওই এলাকার বাসিন্দা মো. মুন্তাজ আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির উঠানে খেলাধুলা করছিল সাব্বির। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের স্থানীয় ফজলুল হকের পুকুরে শিশুটিকে ভাসতে দেখতে পান স্বজনরা। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবন্ধী শিশুর এমন অকাল মৃত্যুতে স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।