নালিতাবাড়ী প্রতিনিধি: মাদক, জুয়া ও চুরির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছেন নালিতাবাড়ী সদর ইউনিয়নের সাধারণ মানুষ। অসামাজিক কর্মকাণ্ড নির্মূলে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সামাজিক আন্দোলনের ঘোষণা দিয়েছেন সচেতন মহল।
সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বুধবার ১০ জুন সন্ধ্যায় আমবাগান বাজারের বিএনপি কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় তারা এই ঐক্যের ঘোষণা দেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান দুদুর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিট কর্মকর্তা এএসআই শহিদুল ইসলাম। এছাড়া সুধী সমাজের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব নালিতাবাড়ীর সভাপতি সাইফুল ইসলাম। ইউপি চেয়ারম্যান প্রার্থী খাদেমুল ইসলাম,শেরপুর জেলা খেলাফত মজলিশের সহ-সভাপতি ও উপজেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি চেয়ারম্যান প্রার্থী আব্দুস সবুর মুজাহিদ,শফি উদ্দিন মাষ্টার ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সভাটির সফল আয়োজনে অগ্রণী ভূমিকা পালন করেছেন নালিতাবাড়ী শহর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম এবং উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম নাজমুল।
সভার শুরুতে বক্তারা সর্বসম্মতভাবে ইউনিয়নকে মাদকমুক্ত ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের ওপর জোর দেন এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এলাকাবাসীর প্রত্যাশা, মাঠপর্যায়ে এই কমিটির কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়িত হলে নালিতাবাড়ী সদর ইউনিয়ন খুব দ্রুতই অপরাধমুক্ত ও শান্তিময় জনপদে পরিণত হবে। এ সময় বক্তাগণ মাদক ও জুয়া নির্মূলে আপসহীন থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং এলাকাবাসীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় জানান। ধর্মীয় মূল্যবোধের আলোকে এলাকাকে পাপাচার মুক্ত রাখতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। দলমতের উর্ধ্বে উঠে ইউনিয়নকে নিরাপদ রাখতে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিতে এই কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
সভায় ইউনিয়নের নিরাপত্তা নিশ্চিতে অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে এবং এলাকাকে নিরাপদ রাখতে প্রতিটি এলাকায় মসজিদভিত্তিক সামাজিক নিরাপত্তা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান শেষ মুহূর্তে উপস্থিত হয়ে এই সামাজিক উদ্যোগের প্রতি একাত্মতা প্রকাশ করেন।