তানিম আহমেদ নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরে আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ, শেরপুর সার্কেলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি আসন্ন ঈদকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ঈদ কেনাকাটাকে কেন্দ্র করে শহরে আগত মানুষের সুবিধার্থে শেরপুর শহরের অভ্যন্তরীণ সড়কসমূহ যানজটমুক্ত ও নিরাপদ রাখতে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি পবিত্র ঈদুল ফিতর শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনে শেরপুরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁঞা, প্রধান নির্বাহী কর্মকর্তা, শেরপুর পৌরসভা ফারজানা হক ববি, ট্রাফিক ইন্সপেক্টর মমিনুল ইসলামসহ স্থানীয় বাস ও ট্রাক মালিক সমিতির প্রতিনিধি, শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।