তানিম আহমেদ নালিতাবাড়ী প্রতিনিধি. শেরপুর জেলার বিভিন্ন উপজেলায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। সোমবার (৯ মার্চ ২০২৬) জেলার নকলা ও ঝিনাইগাতী উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হয়।
নকলা উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও পেট্রোলিয়ামজাত পদার্থের খুচরা বিক্রয়কারী প্রতিষ্ঠানসমূহে সার্বিক কার্যক্রম মনিটরিংয়ের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪টি মামলায় মোট ৭,০০০ টাকা এবং সড়ক পরিবহন আইনে ১টি মামলায় ১,০০০ টাকা জরিমানা করা হয়।
পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও খাদ্যের মান নিশ্চিত করতে ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া ও তেতুলতলা বাজারে স্যানিটারি ইন্সপেক্টরের সহযোগিতায় বাজার মনিটরিং করা হয়। এ সময় বাজারে আগত দুধ বিক্রেতাদের দুধ ল্যাক্টোমিটার দিয়ে পরীক্ষা করা হয় এবং ইফতার সামগ্রী বিক্রয়কারী দোকানসমূহ পরিদর্শন করা হয়।
পাইকুড়া বাজারে এক দুধ বিক্রেতার ২.৫ লিটার দুধে পানিমিশ্রণ পাওয়া গেলে তা জব্দ করে উপস্থিত ৫ জন ভিক্ষুকের মাঝে আধা লিটার করে বিতরণ করা হয়।
অপরদিকে তেতুলতলা বাজারে আরেক দুধ বিক্রেতার ১ লিটার দুধে প্রায় ২৫০ মিলিলিটার পানি মেশানোর প্রমাণ পাওয়ায় তাকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়। একই সঙ্গে উপস্থিত সবার সামনে তাকে ১ লিটার দুধের দামে ১.২৫ লিটার দুধ বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।
জেলা প্রশাসন জানায়, জনস্বার্থে বাজার তদারকি ও মোবাইল কোর্টের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।